আসানসোল, ২৫ নভেম্বর (হি.স.): শীতের সকাল, তখনও ভালোভাবে আলোও ফোটেনি। প্ল্যাটফর্মে কয়েকটা চায়ের দোকান সবেমাত্র খুলেছে। আচমকাই চিৎকার শুরু কয়েকজনের, ‘আগুন লেগেছে।’ শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি রেল স্টেশনে।
শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ স্টেশনের পাশেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে স্টেশন চত্বরে অনেক রাবারের কেবল তার পড়ে থাকে। ডেডিকেটেড ফ্রেড তৈরির কাজ চলছে। সেই কেবল তারগুলি পড়ে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখান থেকে এই আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। বিষয়টি ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা ছিল। দমকলের দুটি ইঞ্জিন অতি তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহত নেই। এমনকি রেল পরিষেবাতেও কোন বিঘ্ন ঘটেনি। কী কারণে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে আসানসোল রেল ডিভিশন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
