কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাণিজ্য সম্মেলন শেষে তৃণমূল সাংসদকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের চোখ দিয়ে ফের রক্ত বের হচ্ছে। সূত্রের খবর, তৃণমূল সাংসদকে তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়িতে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মার্কিন মুলুকে চোখের চিকিৎসা করেন অভিষেক। ২০২২ সালে আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাঁকে চোখে রোদ লাগাতে নিষেধ করেছিলেন। তারপর তৃণমূল সাংসদকে রোদচশমা পরে ঘুরতেও দেখা গিয়েছে।
চলতি বছর পঞ্চায়েত নির্বাচন মিটতেই সস্ত্রীক বিদেশে পাড়ি দেন অভিষেক। মার্কিন মুলুকের হাসপাতালে চিকিসার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসকের সঙ্গে অভিষেকের বসে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একমাসেরও বেশি সময় চোখের চিকিৎসার পর কলকাতা ফিরে আসেন তৃণমূল নেতা।
হিন্দুস্থান সমাচার/ অশোক
