

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): আবারও কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল! স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে পাতালপথের পরিষেবা। বুধবার সকালে কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। তাঁর দেহ পাওয়া যায় রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝামাঝি। এর পরেই সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পাওয়ার ব্লক করে আংশিক ভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক ছিল।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। স্বাভাবিক ভাবেই ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছে মেট্রো চলাচল। আপলাইনে দুর্ঘটনা ঘটায় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ডাউন লাইনে চলে মেট্রো। অন্যদিকে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত চালানো হয় মেট্রো।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
