বীরভূম, ২০ নভেম্বর (হি.স.): জিজ্ঞাসাবাদ করতে সোমবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বাংলোয় গেল পুলিশ। তিনটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং হয়।
কলকাতা হাই কোর্টের নির্দেশেই এই পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ। সোমবার শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়-সহ ৬ জন পুলিশ আধিকারিক তাঁর বাংলোয় ‘পূর্বিতা’য় পৌঁছন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর ধরে উপাচার্য থাকাকালীন নানা বিষয়ে বিতর্ক বাঁধিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বিদ্যুৎ চক্রবর্তী। সম্প্রতি শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক বিষয়ে মোট পাঁচটি অভিযোগ জমা পড়ে। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তিতে স্বয়ং রবীন্দ্রনাথকে অবমাননা করে ফলক বসানো থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কটুক্তির জেরে অভিযোগ দায়ের হয়। বাঙালি কাঁকড়ার জাত-সহ দুর্গাপুজো প্রসঙ্গেও স্পর্শকাতর মন্তব্য করেছিলেন বিদ্যুৎবাবু।
এই পাঁচটি মামলার শান্তিনিকেতন থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরানো হয়। কিন্তু শরীর ও মনের অবস্থা ভালো নেই বলে হাজিরা এড়িয়ে যান বিদ্যুৎবাবু। এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। সেই মামলায় কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে স্বস্তিও পান তিনি। আদালত নির্দেশ দেয়, গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ করা যাবে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
