পুরুলিয়া, ১৫ নভেম্বর (হি.স.): জয়নগরের পর পুরুলিয়া। ফের পুলিশি বাধার মুখে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বুধবার পুরুলিয়ার আঘরপুরে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তার পরই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক।
নির্দিষ্ট সময়ে রূপসী বাংলা এক্সপ্রেসে চড়ে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেন আইএসএফ বিধায়ক। গন্তব্যে পৌঁছনোর কিছুক্ষণ আগে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়া হয়। আইএসএফ বিধায়ক জানান, “বি ওয়ান কামরায় পাথর ছোড়া হয়েছে। আমি ছিলাম সি ওয়ানে। তাই কোনও আঘাত লাগেনি।” সকাল ১১টা ৫০ মিনিটে পুরুলিয়া স্টেশনে পৌঁছে আমজনতার সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক।
এদিন পুরুলিয়ায় দুটি কর্মসূচি ছিল নওশাদের। টুরগা-জল বিদ্যুৎ প্রকল্প এবং আঘরপুর ইন্ডাস্ট্রিয়াল হাবে যাওয়ার কথা।
আঘরপুরে শিল্পতালুক তৈরিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে পুলিশ-প্রশাসনের সঙ্গে। বেশ কয়েকজন মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে আঘরপরে পুলিশি বাধার মুখে পড়েন। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কাতর্কিও করতে দেখা যায় তাঁকে। পুলিশের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে কারণেই তাঁরা নওশাদকে ওই এলাকায় যেতে নিষেধ করছেন। যদিও নওশাদের দাবি, এভাবে পুলিশ তাঁকে বাধা দিতে পারে না। তাঁর অধিকার রয়েছে যাওয়ার।
উল্লেখ্য, গতকাল রাজনৈতিক হিংসাবিধ্বস্ত জয়নগরে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেও পুলিশি বাধার মুখে পড়েন। তার রেশ কাটতে না কাটতে ফের পুলিশের বাধার মুখে পড়লেন নওশাদ।
হিন্দুস্থান সমাচার/ অশোক
