আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.) : বিপর্যয়ের দিকটি স্মরণে রেখে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে ঘর তৈরির জন্য পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. বিশাল কুমার সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলাশাসক অফিসের কনফারেন্স হল–এ এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এ কথা জানিয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় গত ছয় বছরে বিপর্যয় মোকাবিলা খাতে ত্রাণ সামগ্রী বণ্টনে ২৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে কোভিড–১৯ চলাকালীন এই খাতে ব্যয় হয়েছে ৭ কোটি ৭২ লক্ষ টাকা।
তিনি বলেন, জেলায় প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১৮-১৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার জনের মধ্যে এই ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। এর মধ্যে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ৯ হাজারের মতো ব্যক্তি সহায়তা পেয়েছেন।
তিনি জানান, যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য পশ্চিম জেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের কাছে উচ্চ গুণমানসম্পন্ন সহায়ক সামগ্রী রয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
যে কোন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হলে সে বিষয়ে তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। জেলাশাসক জানান, এ বিষয়ে একটি হেল্প লাইন খোলা রয়েছে। যে কোনও মানুষ এর সহায়তা নিতে পারেন।
হিন্দুস্থান সমাচার / সুভাষ
