নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): আশঙ্কা ছিলই, আর সেটাই সত্যি হল। দীপাবলিতে আতশবাজি ও ধোঁয়ার তাণ্ডব অতিষ্ঠ হয়ে উঠল রাজধানী দিল্লি। দীপাবলির রাতে বাজির শব্দে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের বিভিন্ন রাজ্য, যেমন উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি। দেদার বাজি ফাটতেই আরও দূষিত হয়ে উঠল রাজধানী দিল্লির বাতাস।
সোমবার ভোরে দেখা যায় জাতীয় রাজধানীর বিভিন্ন অংশকে গ্রাস করেছে ধোঁয়া, নীতি মার্গ, কর্তব্যপথ, শান্তি পথ, রাজঘাট, লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়ার কবলে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অনুসারে দিল্লিজুড়ে বায়ুর গুণমান ‘দরিদ্র’ বিভাগে ছিল সোমবার। আনন্দ বিহারে বাতাসের গুণগতমান ছিল ২৯৬, আরকে পুরমে ২৯০, পাঞ্জাবি বাগে ২৮০ এবং আইটিও-তে ২৬৩।
দিল্লির গোলে মার্কেট, পাহাড়গঞ্জ, রাম নগর মার্কেটে দীপাবলি পরবর্তী সকালে বিভিন্ন জায়গায় আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। মন্দির মার্গেও আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। দিল্লির পাশাপাশি সোমবার সকালে দূষণের কবলে ছিল মুম্বই, চেন্নাই, নয়ডা, মাদুরাই প্রভৃতি শহর।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
