খড়গপুর, ১১ নভেম্বর (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানার মাদপুরের কাছে কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাসে আগুন লাগে। শুক্রবার রাতে এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
মানস ভুঁইয়া বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাসে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
জানা গিয়েছে, শুক্রবার রাতে জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলে উঠে যাত্রিবাহী বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। ।
প্রাথমিক তদন্তের পর দমকেলর অনুমান, ইঞ্জিনে গোলযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে । এই ঘটনায় স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তৃষিত মাইতি বলেন, “রাত সাড়ে ৯টা নাগাদ আমরা খবরটা পাই। সঙ্গে সঙ্গে ছুটে যায় আমরা। দাউদাউ করে বাসটি জ্বলছিল।” পথচারী ও এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আগুন লাগার পরই বাসটির ড্রাইভার ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছু যাত্রী জানলা ভেঙে ঝাঁপ দিয়ে বাইরে বেরোন। তাঁদের মধ্যে অনেকে নয়ানজুলিতে পড়ে যান।আহতদের হাসতাপাতালে চিকিৎসা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
