ঢাকা, ৭ নভেম্বর (হি.স): ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাংলাদেশে কমতে শুরু করেছে আলু, পিঁয়াজ ও ডিমের দাম। খুচরা বাজারে ডিমের হালি নেমেছে ৪৫ থেকে ৫০ টাকায়। আলু পাইকারি ৩৬ থেকে ৪০ টাকা আর খুচরা মিলছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। দুদিন আগেও বাংলাদেশে প্রতিকেজি আলু খুচরা বাজারে ৭০ টাকা করে বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা, ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকার বাজার ঘুরে এ দাম সম্পর্কে জানা গেছে। ভারত থেকে পিয়াজ, আলু ও ডিমের আমদানি করা শুরু হওয়ায় বাংলাদেশের বাজারে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন আড়ৎদার ও খুচরা বিক্রেতারা।
মিরপুর ১১ নম্বরের পাইকারি বিক্রেতারা বলছেন, কম দামে কিনতে পারায় কম দামেই বিক্রি করতে পারছেন তারা। ডিমের পাশাপাশি আলুর দাম কমেছে বাজারে। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। তিন-চারদিন আগে একই আলু বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে আলু আমদানিও শুরু হয়েছে; ইতোমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারেও ঢুকেছে। এ কারণে আলুর দাম কমে গেছে।
রাজধানীর মিরপুর ১১ নম্বরের তাকওয়া আড়তের মালিক মোয়াজ্জেম হোসেন জানান, ভারতের আলু এসেছে। পাইকারি প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করছি। সোমবার ১০০ বস্তা এসেছিল, ৭০ বস্তা বিক্রি হয়েছে। আশপাশের আড়তে রাজশাহীর আলু ৩৯ থেকে ৪২ টাকা এবং বিক্রমপুরের আলু ৩৪ থেকে ৩৫ টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে। কমছে পিয়াজের দাম। প্রতি কেজি পিঁয়াজে ৫ থেকে ১০ টাকা করে কমছে।
হিন্দুস্থান সমাচার / কিশোর / কাকলি
