আমবাসা (ত্রিপুরা), ১৯ অক্টোবর (হি.স.) : বকেয়া মজুরির দাবিতে ব্লক অফিসে তালা ঝোলালেন রেগা শ্রমিকরা। লংতরাইভ্যালি মহকুমার মনু আরডি ব্লকে বিগত মাসে ১৭ দিনের কাজ করে মজুরি পাননি বিভিন্ন গ্রামের এমজিএনরেগা শ্রমিকরা। পুজোর আগেই প্রত্যেক রেগা শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাত পোহালেই ষষ্ঠী, অথচ তাদের অ্যাকাউন্টে এক টাকাও জমা পড়েনি।
জানা গিয়েছে, পঞ্চায়েত অফিসে গিয়ে জিজ্ঞাসা করলেই ভিলেজ সচিবদের ভিডিও অফিস সব জানে বলেই দায়িত্ব খালাস। বার বার অনুনয় করেও বকেয়া মিটিয়ে না দিয়ে টালবাহানা শুরু হয়। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার পঞ্চমীর দিন মনু ব্লক অফিস খোলার সাথে সাথে ময়নামা, জামিরছড়া, উত্তর ধুমাছড়া সহ বিভিন্ন গ্রামের রেগা শ্রমিকরা জড়ো হতে থাকেন। বেলা আনুমানিক ১১টা নাগাদ মনু আরডি ব্লক অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দেন তাঁরা। ফলে অফিস কক্ষে তালাবন্দি হয়ে পড়েন ব্লক আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা।
তাঁদের বক্তব্য, পুজোর বাজারে এসে সামান্য মজুরিই পরিবারের মুখে হাসি ফোটানোর একমাত্র সম্বল। অথচ মোটা সরকারি মাইনেপ্রাপ্ত কর্মচারীদের তাঁদের কথা শোনার মতো এতটুকু সময় নেই। তাই এই বিক্ষোভ। তাঁদের দাবি, বকেয়া মিটিয়ে না দিলে ব্লকের তালা খোলা হবে না।
খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যান মনু থানার ওসি অসীম সরকার। দীর্ঘক্ষণ তালাবন্দি অবস্থায় থাকার পর দুদিনের মধ্যে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে তালা খুলে দেন রেগা শ্রমিকরা।
হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ
