বালুরঘাট, ১৯ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন রাস্তা থেকে পাইকারি সবজি বাজার স্থানান্তরিত করার প্রতিবাদে থানায় ঢুকে বিক্ষোভ দেখাল শতাধিক কৃষক ও ব্যবসায়ী।
বিক্ষোভকারী কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, শহরে স্থায়ী পাইকারি বাজার নেই। যার ফলে আন্দোলন সেতু সংলগ্ন রাস্তাতেই বসে বাজার। সেই বাজার সরিয়ে দেওয়ার প্রতিবাদেই বৃহস্পতিবার বিক্ষোভ দেখান কৃষকরা। এদিন শতাধিক কৃষক ও ব্যবসায়ী বিক্ষোভ দেখান। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ। এদিকে এনিয়ে পুরসভাকেও অভিযোগ জানাবেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। ওই এলাকায় বাজার বসতে দিতে হবে অথবা ফাঁকা কোনও জায়গা দেওয়া হোক তাদের, বলে দাবি জানিয়েছেন কৃষকরা। তা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা। এদিকে বাজার সরানো নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলেও অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
