আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের কাছে উজান অভয়নগর এলাকায় ব্লাড সান ক্লাবের পূজা প্যান্ডল ও প্রতিমা আগুনে ভস্ম হয়ে গেছে। খবর পেয়ে সেখানে পৌঁছেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহা, বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম জেলার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলাশাসককে বলা হয়েছে দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আর কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে দেখতে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
উৎসবের আনন্দের মধ্যে বিষাদের ছায়া। শারদোৎসবের আর মাত্র দুদিন বাকি। শুক্রবার ষষ্ঠিপুজোর মধ্য দিয়ে শুরু হবে বাঙালির সর্বশ্রেষ্ট পূজা ও দুর্গোৎসব। নানা জায়গায় পূজা উদ্যোক্তাদের মধ্যে ব্যস্ততা চরমে। চলছে প্যান্ডালে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে বুধবার দুপুরে রাজধানী আগরতলা শহরের উজান অভয়নগর এলাকায় ব্লাড সান ক্লাবের পূজা প্যান্ডাল ও দুর্গা প্রতিমা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, এদিন দুপুরে ক্লাবের পুজো প্যান্ডালের কাজ চলছিল। প্যান্ডালের মধ্যে তৈরি করা হচ্ছিল প্রতিমা। প্যান্ডাল তৈরি করা হয়েছিল শন, বাঁশ ইত্যাদি দিয়ে। প্রতিমায় চলছিল শেষ তুলির টান। এরই মধ্যে হঠাৎ প্যান্ডালে আগুন। দিনদুপুরে মুহূর্তের মধ্যেই আগুন গোটা প্যান্ডালে ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগম এবং ফায়ার সার্ভিস অফিসে। বিদ্যুৎ নিগম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গোটা প্যান্ডাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন এবং ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে বিদ্যুৎ নিগমের কর্মীরা প্যান্ডালের কাছে বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করেছিলেন। তার পরপরই আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অন্যদিকে, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ নিগমের কর্মীরা খবর পাওয়ার প্রায় আধাঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেন। এ নিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, আগরতলা উজান অভয়নগরস্থিত ব্লাড সান ক্লাবের পুজো প্যান্ডালে কাজ চলকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পুজো প্যান্ডাল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট এলাকার শ্রদ্ধালু মানুষজনদের সাথে আমিও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণ মর্মাহত। আমি রাজ্যের সর্বজনীন পুজোদ্যোক্তাদের প্রতি আবেদন রাখছি, পুজো প্যান্ডাল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ
