খড়গপুর, ১৮ অক্টোবর (হি.স.): খড়গপুর আইআইটি-তে ফের অস্বাভাবিক মৃত্যু হল এক পড়ুয়ার। এবারও হোস্টেল থেকে উদ্ধার হল তেলেঙ্গানার বাসিন্দা এক পড়ুয়ার নিথর দেহ। ২১ বছর বয়সী পড়ুয়ার নাম কে কিরণ চন্দ্র। তাঁর বাড়ি তেলেঙ্গানায়। কিরণের অস্বাভাবিক মৃত্যুর খবর বাড়িতে দেওয়া হয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। বুধবারই ওই পড়ুয়ার মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এসেছে।
খড়গপুর আইআইটি-তে একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসেই এই শিক্ষা প্রতিষ্ঠানে অসমের বাসিন্দা এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁর দেহও উদ্ধার হয়েছিল আইআইটির হোস্টেলের একটি ঘর থেকে। তারই মধ্যে এ বছর জুনে তামিলনাড়ুর বাসিন্দা ২২ বছরের সুরিয়া দীপনেরও অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
